English Version
আপডেট : ১৭ জুন, ২০১৬ ০৫:১৫

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গিবাদের হোতা : মুফতি ফয়জুল্লাহ

অনলাইন ডেস্ক
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গিবাদের হোতা : মুফতি ফয়জুল্লাহ

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জঙ্গিবাদের হোতা বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণীতে ইসলামী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যকালে ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনায় এনে দলের এই মহাসচিব বলেন, যারা ৭২-৭৫ পর্যন্ত দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল, জঙ্গিবাদের ট্রেনিং দিয়েছিল, গণবাহিনী, নীল বাহিনী, লাল বাহিনীর নামে মানুষ হত্যাকাণ্ডে নিয়োজিত ছিল, সেই হাসানুল হক ইনুরা আজ ক্ষমতায় বসে আছে।

মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল, তারাই আজ বর্তমান সরকারের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেওয়ার চক্রান্ত করছে কিনা, সন্দেহ হয়।

মাহফিলে আরও সভাপতির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। তিনি বলেন, রমযানের মাসব্যাপী রোজা রেখে শৃঙ্খলিত সমাজ ও সভ্যতা নির্মাণের মধ্য দিয়ে মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে। বাংলাদেশের কোথাও শান্তির সেই পরিবেশ নেই। হত্যা, খুন, গুম, গুপ্তহত্যা, টার্গেট কিলিং, সন্ত্রাস, নৈরাজ্য ও রাহাজানিতে আজ দেশের মানুষ দিশেহারা।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা শাহ আতাউল্লাহ, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) এর চেয়ারম্যান আনোয়ারুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী প্রমুখ।