ইনুকে প্রশ্রয়, বঙ্গবন্ধু রক্তের সঙ্গে প্রতারণার
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সঙ্গে প্রতারণার শামিল।
বুধবার (১৫ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে সারা দেশে যে ধ্বংসযজ্ঞ ও হত্যালীলা চলেছে তার পেছেনে জাসদের একটি অংশের বড় ভূমিকা আছে। তবে জাসদের সব মানুষ খারাপ নয়। সেখানে স্বাধীনতার সংগঠক আছেন, দেশপ্রেমিক আছেন।
রিজভী বলেন, ইনুদের মতো যেসব মানুষ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেয়ার চেষ্টা করেন, তাদের কারণেই বেশি রক্ত ঝরেছে। এখনকার জঙ্গিবাদের পেছনেও ইনুর ভূমিকা রয়েছে।
তিনটি কারণে ইনুর বিচার হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, প্রথমটি হচ্ছে, ১৯৭৩-৭৪ সালে আজকের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাবা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী সাহেবের বাসা ঘেরাওয়ের কর্মসূচিতে ইনুর নেতৃত্বে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করে জাসদের কিছু লোক।
'দ্বিতীয়টি হলো- সার্বভৌমত্বের প্রতীক আমাদের সেনাবাহিনী। সেই বাহিনীকে অস্থিতিশীল করা, সেখানে লিফলেট ছড়ানো, নানাবিধ স্লোগান দেয়া- এভাবে একটা ভয়ঙ্কর ঘটনা সৃষ্টির অন্যতম নায়ক হচ্ছেন হাসানুল হক ইনু' যোগ করেন রিজভী।
আর তৃতীয় কারণ হিসেবে তিনি বলেন, 'ভারতীয় হাইকমিশনে আক্রমণ। এটির মাস্টার প্ল্যান ছিল এই হাসানুল হক ইনুর। এটা একটা ভয়ংকর রাষ্ট্রদ্রোহী কাজ করেছিলেন ইনু।'
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।


