English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১২:৩৩

দলের অভ্যন্তরে কাদা ছোড়াছুড়ি উচিত নয়

অনলাইন ডেস্ক
দলের অভ্যন্তরে কাদা ছোড়াছুড়ি উচিত নয়

জাসদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেওয়া বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা মনে করি এ সময়ে আমাদের ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোড়াছুড়ি উচিত নয়। এটা ইতিহাস চর্চার সময় নয়, এটা জঙ্গিবাদ সম্পূর্ণ রূপে ধ্বংস করার সময়। জনগণকে নিরাপত্তা বিধান করার সময়।’ ‘সেজন্য আমি মনে করি জাসদ নিয়ে যে কোনো দল নিয়ে যে সব মন্তব্য, বক্তব্য, বিবৃতি আসছে সেটা অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক।’

ইনু বলেন, ‘মনে রাখতে হবে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রতিটি ঘটনা এখন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে। ইতিহাস ইতিহাসের মতো বিশ্লেষণ করবে।’