English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ০৪:৪৪

১৪ দলে ভিড়ছেন নাজমুল হুদা?

অনলাইন ডেস্ক
১৪ দলে ভিড়ছেন নাজমুল হুদা?
বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা

বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এখন থেকে তার ৩১ দলীয় বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) নিয়ে ১৪ দলের সামনের কর্মসূচিগুলোতে যৌথভাবে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করবেন। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সঙ্গে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সাংবাদিকদের তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে জোটে যোগ না দিলেও গুপ্তহত্যার প্রতিবাদে ১৪ দলের কর্মসূচিতে সমর্থন জানিয়ে তাতে অংশ নেবে তার দল।

নিজের আগের দল বিএনপির কার্যক্রমের সমালোচনা করে তার বিপরীতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত বলে জানান নাজমুল হুদা।

নাজমুল হুদা বলেন, 'সন্ত্রাস দমনে রাজনীতির কোনো সুযোগ নেই। এজন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিচ্ছেন তাকে আমরা পূর্ণ সমর্থন করি।'

তিনি বলেন, '‌রাস্তার রাজনীতি শেষ। এখন আর রাজপথে মারামারি, হানাহানি, সন্ত্রাস, অহেতুক ধর্মঘট নেই। একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী এসব সন্ত্রাস বন্ধ করতে পেরেছেন এজন্য তাকে ধন্যবাদ।'

নাজমুল হুদা বলেন, 'বিভিন্ন দল সন্ত্রসী কার্যকলাপ করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ইসরাইল ও মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার পতনের চক্রান্ত করা হচ্ছে। এজন্য আমরা যদি ১৪ দলীয় জোটকে শক্তিশালী করি, তবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা হবে।'

বিএনপির সাবেক নেতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, “দেশে সাম্প্রতিক গুপ্ত হত্যার প্রতিবাদে জাতীয় জোটের নেতৃবৃন্দ এসেছেন, এজন্য নাজমুল হুদাকে ধন্যবাদ।”

বিএনপি প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য নাজমুল হুদা দুই বার খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। তবে বক্তব্য ও কাজের জন্য দলে সমালোচনায় পড়ার পাশাপাশি তাকে বহিষ্কৃতও হতে হয়।

১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়ার কারণে মন্ত্রিত্ব হারাতে হয়েছিল নাজমুল হুদাকে। শৃঙ্খলাভঙ্গের কারণে ২০১০ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। তিনি তখন দলের ভাইস চেয়ারম্যান। ভুল স্বীকার করে খালেদা জিয়ার কাছে আবেদন করার পর ২০১১ সালের ৭ সেপ্টেম্বর আবার বিএনপির সদস্যপদ ফিরে পেয়েছিলেন নাজমুল হুদা। কিন্তু ২০১৪ সালের ৬ জুন সংবাদ সম্মেলন করে বিএনপি ছাড়েন তিনি।

নাজমুল হুদা এরপর ৩১টি দল নিয়ে ‘বাংলাদেশ জাতীয় জোট’ নামে একটি রাজনৈতিক মোর্চা গঠন করেন, তবে এর তেমন কোনো তৎপরতা দেখা যায় না।