English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৬:৩৩

বাড়ীর বাইরে বেরুতেই গা ছমছম করে

অনলাইন ডেস্ক
বাড়ীর বাইরে বেরুতেই গা ছমছম করে

বাড়ীর বাইরে বেরুতেই গা ছমছম করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ জুন) বিএনপির সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

ঝিনাইদহের করাতিপাড়ায় মঙ্গলবার সকালে সনাতন ধর্মাবলম্বী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে গলা কেটে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই বিবৃতি দেন মির্জা ফখরুল। তিনি বলেন, দুর্বৃত্তদের কর্তৃক দেশে একের পর এক ধারাবাহিকভাবে বিভিন্ন ধর্মসম্প্রদায়ের মানুষকে হত্যার ঘটনায় দেশবাসী আজ হাড় হিম করা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। ফখরুল বলেন, বাড়ীর বাইরে বেরুতেই গা ছমছম করে। ভীত সন্ত্রস্ত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই হত্যাকাণ্ডগুলোর এখন কোন বিরতি নেই। প্রায় প্রতিদিনই দেশের কোন না কোন জনপদে দানবীয় আক্রমণের শিকার হচ্ছেন কেউ না কেউ। তিনি বলেন, জঙ্গিবাদের ফলে সৃষ্ট দেশব্যাপী রক্তক্ষরণের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের আদৌ কোন ইচ্ছা সরকারের আছে কী না তা নিয়ে জনমনে এক বড় ধরণের প্রশ্ন দেখা দিয়েছে।