English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৯:০২

আতঙ্ক নিয়েই জীবনযাপন জনগনের

অনলাইন ডেস্ক
আতঙ্ক নিয়েই জীবনযাপন জনগনের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, দেশে শুরু হয়েছে সিরিয়াল কিলিং। জনগন নিরাপত্তাহীন অন্ধকার গুহায় বসবাস করছে। চারিদিকে ভয়, শঙ্কা আর আতঙ্ক নিয়েই মানুষ এখন অনিশ্চিত জীবনযাপন করছে।
 
সোমবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিবৃতিতে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু ও নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে। খালেদা জিয়া বলেন, জঙ্গিদের তৎপরতা দমন করার পরিবর্তে সরকার প্রতিহিংসার আক্রোশে বিরোধী দলের ওপর দায় চাপিয়েই নিজেরা নিষ্কলঙ্ক হতে পারছে না। তাই প্রকৃত দুস্কৃতিকারিদের গ্রেফতারের পরিবর্তে বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়াচ্ছে। আর এই সুযোগে জঙ্গিরা আরও বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে। তারা প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তিনি বলেন, বিদেশি হত্যা থেকে শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ও তাদের ধর্মগুরু, মসজিদের ঈমাম, শিয়া মুসলমান, পীর ও পীরের শিষ্য কেউই ঘাতকদের অস্ত্রের আঘাত থেকে রেহাই পায়নি। জনপদের পর জনপদে এখন শোকের মাতম উঠেছে। খালেদা জিয়া অবিলম্বে মাহমুদা খাতুন মিতু  ও সুনীল গোমেজ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।