English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৯:২৯

বেশি উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন কঠিন

অনলাইন ডেস্ক
বেশি উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন কঠিন

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘বেশি উচ্চাভিলাষী’ বলে উল্লেখ করে তিনি বলেন, এ বাজেট বাস্তবায়ন কঠিন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

রোববার (৫ জুন) সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রওশন এ কথা বলেন। বৃহস্পতিবার নতুন অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের ফর্দ ধরে আগামী অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রওশন বলেন, আমরা বড় বড় স্বপ্ন দেখছি, বড় আকারের বাজেট দিচ্ছি। কিন্তু সেই বাজেট বাস্তবায়ন হচ্ছে না। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে হলে লম্বা ঘুম দরকার। আর ঘুম দিতে হলে পেটে ভাত থাকা দরকার, সেটি তো নেই। আসন্ন ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ‘বেশি উচ্চাভিলাষী’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বাজেট বাস্তবায়ন কঠিন।

চলতি অর্থ বছরেও লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। আগামী বছরও পারবে না।

বিরোধী দলীয় নেতা বলেন, বাজেটে সাড়ে পাঁচ শতাংশ ঘাটতি, এত ঘাটতি মাথায় নিয়ে যাত্রা শুরু করে কী পথ খুঁজে পাব?’

দেশে বিনিয়োগ নেই উল্লেখ করে রওশন বলেন, কেউ বিনিয়োগ করছে না। বিনিয়োগ করতে আস্থা পাচ্ছে না। বিনিয়োগ নেই বললেই চলে। এজন্য তিনি রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করেন।

বিনিয়োগ বোর্ড গতিশীল নয় উল্লেখ করে রওশন এরশাদ বলেন, আমাদের যে বিনিয়োগ বোর্ড, সেটা আসলে গতিশীল নয়। আমি প্রস্তাব করেছিলাম পরিকল্পনা মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হোক। বিনিয়োগ বোর্ড বিনিয়োগে আকৃষ্ট করতে পারছে না।

রওশন বলেন, শেয়ার বাজারের ধ্বস পূরণ হয়নি। শেয়ার বাজার নিয়ে বাজেটে কিছু নেই। রিজার্ভ লোপাট, এটিএম থেকে টাকা লোপাট এসব নিয়ে কিছু নেই। আশার কোন কথা শোনা যায় নি।

মেগা প্রজেক্টের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বড় প্রকল্পে আমরা এখনও অভ্যস্ত হইনি। কোনও প্রকল্প বাস্তবায়ন হয় না। পাশের দেশগুলোতে যে টাকা লাগে আমাদের সেখানে অনেক বেশি টাকা লাগে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, হুইপ নুরুল ইসলাম ওমর ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী।