English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ২১:১১

অস্থিরতা মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে

অনলাইন ডেস্ক
অস্থিরতা মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের অস্থিরতা মোকাবেলায় সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।  
শনিবার (৪ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন।  আগামী ১০-১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত অর্থ উপ-পরিষদের সঙ্গে অন্য সব উপ-পরিষদের এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক দ্বন্দ্ব ও অস্থিরতার কারণে এ সহিংসতাগুলো ঘটেছে। প্রত্যেক সরকার চায় দেশে শান্তি বজায় থাকুক। কোনো সরকারই সহিংসতা চায় না। তিনি বলেন, যৌথসভায় দলের কাউন্সিলের বিভিন্ন ব্যয় নিয়ে বাজেট তৈরি করার বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন উপ-পরিষদের দায়িত্ব পালনের কতদূর অগ্রগতি হয়েছে, সে বিষয়েও আলোচনা হয়েছে। আওয়ামী লীগের এ নেতা বলেন, এবারের সম্মেলনে সাড়ে ৬ হাজার কাউন্সিলর ও ২০ হাজারের অধিক ডেলিগেট উপস্থিত থাকবেন। সম্মেলনে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিদেশি মেহমানদের আমন্ত্রণ জানানো অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আমরা ৫০ জন রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ড. আবদুর রাজ্জাক, ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন প্রমুখ।