English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ২১:০০

সামাজিক দ্বন্দ্বের ইউপিতে সহিংসতা

অনলাইন ডেস্ক
সামাজিক দ্বন্দ্বের ইউপিতে সহিংসতা
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক দ্বন্দ্বের কারণে সহিংসতা হয়েছে। এর দায় কেন আমরা নিব বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শুক্রবার (৩ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ২০তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত ঘোষণাপত্র উপ-পরিষদের বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে মতিয়া চৌধুরী এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার কাজ নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারি।
 
এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঘোষণাপত্র উপ-পরিষদের আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, 'ইউনিয়ন পরিষদ নির্বাচনে এপাড়া-ওপাড়া, খালের এপার-ওপার- এসব নিয়ে সামাজিক অনেক দ্বন্দ্ব থাকে। যার প্রভাব নির্বাচনে পড়ে। এজন্য সহিংসতা হয়।' এর আগে শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে মতিয়া চৌধুরী ছাড়াও আরও যোগ দেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, ড. অনুপম সেন, মাহবুবউল আলম হানিফ, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ফরিদুন্নাহার লাইলী, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট আফজাল হোসেন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, মাহবুবুল হক শাকিল, ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া প্রমুখ।