English Version
আপডেট : ২ জুন, ২০১৬ ২০:০৭

সৌদি নেতৃত্বে দেশের সেনা পাঠানো যাবে না

অনলাইন ডেস্ক
সৌদি নেতৃত্বে দেশের সেনা পাঠানো যাবে না

সৌদি নেতৃত্বে গঠিত সামরিক জোটে বাংলাদেশের সেনা পাঠানো মেনে নেয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ একথা জানান।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে জোট-নিরপেক্ষতার নীতি অনুসরণ করছে। দীর্ঘদিন ধরে অনুসৃত জোট-নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক ও বিপরীতমুখী একটি ‘ইসলামিক সামরিক জোটে’ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যোগদান করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

একথা মনে করার যথেষ্ট কারণ আছে যে, প্রকৃতপক্ষে এই সামরিক জোট গঠন করা হয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকার নির্দেশে, তার ভূ-রাজনৈতিক ও আধিপত্যবাদী স্বার্থ রক্ষার উদ্দেশে। এই সামরিক জোটে শরিক হওয়ার ফলে বাংলাদেশ আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়ার মতো বিপদের মুখে পড়বে। এসব কথা জানা সত্ত্বেও বাংলাদেশ সরকার কেন আমেরিকা ও সৌদি স্বার্থ রক্ষা করতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে সৈন্য পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে, দেশবাসী তা জানতে চায়।

অবিলম্বে সৌদি নেতৃত্বাধীন প্রবলভাবে প্রশ্নবিদ্ধ উক্ত সামরিক জোট থেকে বেরিয়ে এসে সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গি শক্তির বিরুদ্ধে দেশে ও বিশ্বে কার্যকর অর্থপূর্ণ ও দৃঢ় সংগ্রাম পরিচালনার জন্য সিপিবি’র নেতৃবৃন্দ বিবৃতিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।