English Version
আপডেট : ২ জুন, ২০১৬ ১৭:৪৬

স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে পুলিশ-নার্স সংঘর্ষ, আসামি অজ্ঞাত ১৪শ নার্স

অনলাইন ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে পুলিশ-নার্স সংঘর্ষ, আসামি অজ্ঞাত ১৪শ নার্স

রাজধানীর ধানমণ্ডিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসার সামনে পুলিশ-নার্স সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত পরিচয় ১৪০০ নার্সকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

দায়িত্বে বাধা দেওয়ার অভিযোগে বুধবার (১ জুন) রাতে পুলিশ বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেছে।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আজম মিয়া জানান, দায়িত্ব পালন করতে গেলে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর চড়াও হওয়ায় বুধবার রাতে প্রায় ১৪০০ জন অজ্ঞাত পরিচয় নার্সের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে বুধবার স্বাস্থ্যমন্ত্রীর ধানমণ্ডির বাসার সামনে আন্দোলনরত বেকার নার্সরা অবস্থান নিতে চাইলে নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের বেধরক লাঠিচার্জে কমপক্ষে ২০ জন আহত হন।

গত ২৮ মার্চ সরকারের কর্মকমিশন সচিবালয় থেকে ৩ হাজার ৬১৬ জন সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। এ কারণে হাজার হাজার বেকার নার্স চাকরির আবেদন করতে পারবে না। তাই প্রকাশিত বিজ্ঞপ্তিটি সংশোধন করে জ্যেষ্ঠতার ভিত্তিতে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের দাবিতে বেকার নার্সরা আন্দোলনে নামেন।