English Version
আপডেট : ১ জুন, ২০১৬ ১৮:৫২

সরকার পতনে ৭ দিনেই যথেষ্ট

অনলাইন ডেস্ক
সরকার পতনে ৭ দিনেই যথেষ্ট

সরকার পতনে ৩-৪ মাস আন্দোলনের দরকার নেই। সরকার পতনে ৭ দিনের বেশি সময় লাগবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বুধবার (১ জুন) দুপুরে একটি অনলাইন নিউজ পোর্টালের বর্ষপূর্তি অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। অনলাইন নিউজ পোর্টাল সবুজ বাংলা টুয়েন্টিফোর ডটকমের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভায় বিশেষ অবদানের জন্য দেশের বিশিষ্ট ১৫ জন নাগরিককে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

হান্নান শাহ বলেন, এ আন্দোলন জনগণ ও মিডিয়াকে সাথে নিয়ে করতে হবে। এ আন্দোলনের কর্মসূচি ম্যাডাম (খালেদা জিয়া) বা যারা পারবে তাদের নিয়ে কর্মসূচির পরিকল্পনা করতে হবে। যখন যোগ্য নেতৃত্ব আসবে তখনই আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটবে।

সরকার দেশের স্বার্থ বিদেশের কাছে বিলিয়ে দিচ্ছে এমন অভিযোগ করে হান্নান শাহ বলেন, ‘দেশ সার্বভৌমত্ব হারাচ্ছে। মানুষের অধিকার নিয়ে কথা বলা যাচ্ছে না। কেউ বললেই তার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। তাকে যেতে হয় কারাগারে; না হয় গুম-খুনের শিকার হতে হয়। সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ ও মাহমুদুর রহমানের কী দোষ ছিল? সরকারের দৃষ্টিতে তাদের একটাই দোষ তারা সত্য কথা বলেন। আমি তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি। কারণ তাদের কোনো দোষ ছিল না।’

বিএনপির সঙ্গে ইসরায়েলের সর্ম্পক আছে সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ায় মুখে যা আসে তাই বলে। শেখ হাসিনা মিডিয়া ছাড়া যে সব কথা বলে তা টেপ করে জনগণকে শোনাতে পারলে জনগণ বুঝতো শেখ হাসিনা কী চিজ।’

সবুজ বাংলা টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আব্দুল্লাহিল মাসুদুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান এমএ তাহের চৌধুরী প্রমুখ।