English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৭:০১

রাষ্ট্রদ্রোহ মামলায় আসলামকে সাত দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রদ্রোহ মামলায় আসলামকে সাত দিনের রিমান্ড
বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
মঙ্গলবার (৩১ মে) ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন। এর আগে গত ২৭ মে এ মামলায় আসলামের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। শুনানি শেষে আদেশ দেন আদালত। গত বৃহস্পতিবার গুলশান থানায় আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ডিবির পরিদর্শক গোলাম রাব্বানী বাদী হয়ে মামলাটি করেন। সম্প্রতি ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। ইসরায়েলের ওই নেতার সঙ্গে তিনি ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপরই গ্রেফতার হন আসলাম। ২৪ মে আসলামকে আদালতে হাজির করে মতিঝিল ও লালবাগ থানায় করা নাশকতার দুই মামলায় গ্রেফতার দেখানো হয়। এই দুই মামলায় ডিবি আসলামের ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডের আবেদন করেছে। এ বিষয়ে ৬ আগামী জুন শুনানি হবে। ১৫ মে সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলামকে গ্রেফতার করে ডিবি। পরদিন ফৌজদারি কার্যবিধির (সন্দেহজনক) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।