English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৪:৫৪

আসলামের রিমান্ড শুনানি কাল

অনলাইন ডেস্ক
আসলামের রিমান্ড শুনানি কাল
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার রিমান্ড শুনানি মঙ্গলবার (৩১ মে) ধার্য করেছেন আদালত। সোমবার (৩০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন এ দিন ধার্য করেন। এর আগে নাশকতার দুই মামলায় আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও গোলাম নবী রিমান্ড শুনানি পিছিয়ে ৬ জুন দিন ধার্য করেন। সোমবার তিন মামলায় রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। গত ২৬ মে সন্ধ্যায় গুলশান থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। এ মামলার বাদী ডিবির পরিদর্শক গোলাম রব্বানি।  মামলা নং ২১।

 

বাংলাদেশের সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে 'ষড়যন্ত্রে' জড়িত থাকার অভিযোগে গত ১৫ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে ডিবি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলাম চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

 
ইসরায়েলের লিকুদ পার্টির নেতার সঙ্গে বৈঠকের অভিযোগে আসলাম চৌধুরীকে গ্রেফতারের নির্দেশ দেয় সরকার। দেশের প্রতিটি বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কবার্তা পাঠায় গোয়েন্দা সংস্থা। সম্প্রতি ইসরায়েলে ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলামের একটি ছবি গণমাধ্যমে প্রকাশের পর তোলপাড় শুরু হয়। ইসরায়েলের নেতার সঙ্গে তিনি ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন বলেও গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়।