বিএনপির নেতা কথা বললে রাষ্ট্রদ্রোহ কিন্তু প্রধানমন্ত্রীর ছেলের বেলায় দেশপ্রেমিক
অনলাইন ডেস্ক
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাতের কথা বলেছেন মেন্দি সাফাদি নিজেই। একজন ব্যক্তির সঙ্গে বিএনপির কোনো নেতা কথা বললে হয় রাষ্ট্রদ্রোহ, আর প্রধানমন্ত্রীর ছেলে কথা বললে হয় দেশপ্রেমিক। এই হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে ভোটারবিহীন সরকারের বিচার।'
রোববার (২৯ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এ প্রসঙ্গে রিজভী আরও বলেন, 'জয়-সাফাদির বৈঠকের বিষয়টি গত তিন দিন ধরে গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই বৈঠকের খবরকে নাটক ও উদ্দেশ্যপ্রণোদিত বলছেন। তার বেলা হয় উদ্দেশ্যপ্রণোদিত, আর বিএনপির একজন নেতার ভারতে একজন নেতার দেখা হয়েছে, কুশলাদি বিনিময় হয়েছে- সেটি হয়ে যায় রাষ্ট্রদ্রোহ।'
ভারতে সাফাদির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের ছবি গণমাধ্যমে আসলে 'সরকার উৎখাতে ষড়যন্ত্রের' অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এরপর আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ।
এই অবস্থায় ইসরায়েলের নাগরিক সাফাদি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল।
সাফাদির দাবি— রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীর সাথে দিল্লিতে তার দেখা হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জয়ের দফতরে দুজনের মধ্যে কথাবার্তা হয়। তবে রোববারই ফেসবুকে নিজের পেজে দেওয়া এক পোস্টে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, সাফাদির সঙ্গে তার 'কোনোসময়ই সাক্ষাৎ হয়নি'।
এছাড়া তার সঙ্গে সাক্ষাতের কথা বলে সাফাদি 'মিথ্যাচার' করছে বলেও দাবি করেন জয়।


