English Version
আপডেট : ২৬ মে, ২০১৬ ১৫:২০

মমতাকে ইলিশ উপহার দিলেন

অনলাইন ডেস্ক
মমতাকে ইলিশ উপহার দিলেন

কলকাতা, ২৬ মে- ব্যস্ততার কারণে পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আজ, বৃহস্পতিবার মমতার কাছে পৌঁছাবে প্রধানমন্ত্রীর উপহার ২০ কেজি পদ্মার ইলিশ। মমতার কাছে সেই ইলিশ নিয়ে যাচ্ছেন শপথ গ্রহন অনুষ্ঠানে শেখ হাসিনার প্রতিনিধিত্বকারী একটি দল।

আগামীকাল শুক্রবার রেড রোডে মমতার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া থাকবেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। এর আগেও শেখ হাসিনার পাঠানো ইলিশ কলকাতার বিশিষ্টদের কাছে এসেছে। কিন্তু ২০ কেজি ইলিশের উপহার-বাক্স এই প্রথম বলেই মনে করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শেখ হাসিনার উপহার কলকাতায় পৌঁছাবে। উপ-দূতাবাসের প্রতিনিধিরা ইলিশ উপহার নিয়ে যাবেন মমতার বাড়িতে। তবে আজ রাতেই উপহার নিয়ে যাবে, নাকি আগামীকাল সকালে, তা চূড়ান্ত হয়নি।

একটি সূত্রের মতে, শপথের সকালেই ইলিশ পৌঁছনোর সম্ভাবনা বেশি। ২০১১ সালের সেপ্টেম্বরে তিস্তা পানি চুক্তি নিয়ে আপত্তি তুলে মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফর বাতিল করেছিলেন মমতা। আটকে যায় তিস্তা চুক্তি। কিন্তু গত বছর জুনে নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা গিয়ে সেই ক্ষত অনেকটা মেরামত করেন মমতা। তিস্তা সমস্যা এখনও মেটেনি। আস্থা আর বিশ্বাসে ভর করেই সেই দাবি মিটবে বলে আশা করছে বাংলাদেশ।

ভারতের এক প্রাক্তন কূটনীতিক মনে করেন, ‘দিদিকে ইলিশ পাঠিয়ে আসলে তিস্তার পানির কথাই মনে করিয়ে দিয়েছেন শেখ  হাসিনা।’ অপরদিকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্তা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যবাসীর প্রত্যাশা অনেক। ঢাকাও দিদির দিকে তাকিয়ে।’