English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ২০:০০

খালেদাকে বন্দি করে রাখতে পারবে না

অনলাইন ডেস্ক
খালেদাকে বন্দি করে রাখতে পারবে না

দেশের কোনো কারাগারই খালেদা জিয়াকে বন্দি করে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর যাত্রাবাড়ী থানার নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করায় আনুষ্ঠানিক প্রক্রিয়া দেওয়া হবে বলেও জানান তিনি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (২৫ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সরকার ভয় পেয়ে এই কাজগুলো করছে। যাতে বিএনপি চেয়ারপারসন মানুষিকভাবে বিপর্যস্ত করতেই এটা করতে যাচ্ছে। কিন্তু এটা তাদের ভুল ধারণা। দেশের কোনো কারাগারই তাকে (খালেদা জিয়া) বন্দি করে রাখতে পারবে না।

রিজভী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সরকারের দূরভিসন্ধিমূলক আচরণ। কারণ বিএনপির চেয়ারপারন হচ্ছেন গণতন্ত্রের প্রতীক, তিনি হচ্ছেন, হারানো গণতন্ত্র পূনরুদ্ধারের আপোষহীন সিপাহসালার। উনাকে নানা দিক দিয়ে বিপর্যস্ত করার জন্য সরকারের চক্রান্ত এঁটে আসছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, আব্দুল আউয়াল খান, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম পটু, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।