English Version
আপডেট : ২৪ মে, ২০১৬ ২১:৪৭

‘ছাত্রলীগ ধান্দাবাজির মধ্যে নেই এটাই আমার গর্ব’

অনলাইন ডেস্ক
‘ছাত্রলীগ ধান্দাবাজির মধ্যে নেই এটাই আমার গর্ব’

সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সচিবালয়ে এসে ছাত্রলীগ ধান্দাবাজি করে না। এটা নিয়ে আমি গর্ব করি।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার (২৪ মে) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমার হাতে হাজার হাজার কোটি টাকার কাজ। কিন্তু ছাত্রলীগের কোনো নেতাকর্মী আমার কাছে কোনো দিন টেন্ডারের জন্য আসেনি। এটা নিয়ে আমি গর্ববোধ করি। কিন্তু বাইরে এখানে-ওখানে মাঝে মাঝে যা কিছু হয়, এগুলো কি বন্ধ করা যায় না? গুটি কয়েকের খারাপের জন্য পুরো দল দায়ী হবে না। দলের ভাবমূর্তি রক্ষার জন্য এদের শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে বদলাতে চাইলে আমাদের নিজেদের বদলাতে হবে। ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। না পারলে, ছাত্র রাজনীতির ওপর সাধারণ ছাত্র-ছাত্রী ও জনগণের আস্থা ফিরে আসবে না। ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে হলে ছাত্র নেতাদের আকর্ষণীয় হতে হবে। এই আকর্ষণীয় হতে হবে মেধা দিয়ে, লেখাপড়া দিয়ে, যোগ্যতা দিয়ে ও ভালো আচরণ দিয়ে। ১০টা ভালো উন্নয়ন, একটা খারাপ আচরণে ম্লান হয়ে যেতে পারে।

বক্তৃতাকালে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সমালোচনাও করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

সভায় আরও উপস্থিত ছিলেন―আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দক্ষিণের সভাপতি বায়েজিদ আহমেদ খান প্রমুখ।