English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ১৯:২৬

শিক্ষককে কান ধরে ওঠবস করানোর ব্যাখ্যা দেন এরশাদের কাছে

অনলাইন ডেস্ক
শিক্ষককে কান ধরে ওঠবস করানোর   ব্যাখ্যা দেন এরশাদের কাছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর অভিযুক্ত সংসদ সদস্য সেলিম ওসমান জাতীয় পার্টির কাছে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।

রোববার (২২ মে) দলের চেয়ারম্যান জেনারেল এরশাদের সাথে দেখা করে তার হাতে লিখিত বক্তব্য তুলে দিয়েছেন সেলিম। সাথে একটি ভিডিও দিয়েছেন দলের চেয়ারম্যান কাছে। দলের নীতি নির্ধারকদের সভায় তার এ লিখিত বক্তব্য পর্যালোচনা করে সেলিম ওসমানের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

গত ক’দিন ধরে সেলিম ওসমানকে নিয়ে সমাজের প্রায় সর্বস্তরে বিতর্কের ঝড় ওঠলেও, তার দল জাতীয় পার্টি কিছু বলেনি। সেটা কেন?

সেলিম ওসমানকে নিয়ে জাতীয় পার্টির অবস্থান আসলে কি জানতে চাইলে মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের বেশিরভাগ মানুষ যেটা ভাবেন সেটা বিবেচনা করেই দল পরিচালিত হয়। “জনগণের সেন্টিমেন্টকে সম্মান জানানো এবং তাদেরকে সাথে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য,” বলেন তিনি।

রুহুল আমিন বলেন, “এমপি সেলিম ওসমানকে নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে চেয়ারম্যনের সাথে দেখা করে তার বক্তব্য তুলে ধরেছেন। প্রেসিডিয়ামের সভায় এটা নিয়ে আলোচনা হবে। আলোচনার পরেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

জাতীয় পার্টির মহাসচিব জানান, খুব শীঘ্রই এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। “এমাসের মধ্যেই কিম্বা তার আগেই সিদ্ধান্ত হয়ে যাবে,” বলেন জানান তিনি। তবে সেলিম ওসমান কি ব্যাখ্যা দিয়েছেন সেবিষয়ে তিনি কিছু বলেন নি।

রুহুল আমিন হাওলাদার বলেন, তবে এই ঘটনায় জাতীয় পার্টি কিছুটা বিব্রত।