English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ১৭:৫৩

আসলামকে রিমান্ডে না নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক
আসলামকে রিমান্ডে না নেওয়ার নির্দেশ

রিমান্ড বাতিল চেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নতুন করে রিমান্ডে না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আরও শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমানের খানের হাইকোর্ট বেঞ্চ রোববার (২২ মে) এই আদেশ দেন।

আদালতে রোববার আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশিরউল্লাহ। এর আগে রিমান্ড বাতিল চেয়ে হাইকোর্ট এ আবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর।

সম্প্রতি বাংলাদেশের একটি পত্রিকায় আসলামের সঙ্গে ভারতে মেন্দি এন সাফাদির সেই সাক্ষাতের খবর ও ছবি প্রকাশিত হয়। দিল্লিতে ডেল-আভিভ শীর্ষক ওই সম্মেলন এবং মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনসের ফেইসবুক পেইজেও দেখা যায় তাদের একাধিক ছবি।

লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদি ইসরায়েলের বর্তমান সরকারের উপমন্ত্রী এম কে আয়ুব কারার একজন সাবেক উপদেষ্টা। তিনি নিজের নামে মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনস প্রতিষ্ঠানটি চালান।

আওয়ামী লীগ নেতারা অভিযোগ করছেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে। বিষয়টি জেনে ঢাকায় ফিলিস্তিনি চার্জ দ্য অ্যাফেয়ার্স এক প্রতিক্রিয়ায় বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে ‘রাজনৈতিক আত্মহত্যা’।

তবে বিএনপি ইসরায়েল কিংবা মোসাদের সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, আসলামের ওই সফর ছিল ‘ব্যক্তিগত’।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির বৈঠকের খবরটি ফাঁস হওয়ার পর বিএনপির নেতাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তারা গ্রেফতার করা হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণার কয়েকঘণ্টা পর ১৫ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তিনি এবং তার ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান ও গাড়িচালক আল-আমিনকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

গত ১৬ মে সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে 'ষড়যন্ত্রে' জড়িত থাকার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড মঞ্জুর করেন বিচারিক আদালত। চট্টগ্রামের নেতা আসলামকে মাস খানেক আগে বিএনপির নতুন কমিটিতে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করেন খালেদা জিয়া।