English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ১৭:১২

লজ্জা থাকলে সেলিম সংসদ অধিবেশনে আসবে না

অনলাইন ডেস্ক
লজ্জা থাকলে সেলিম সংসদ অধিবেশনে আসবে না

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনা ঘটনার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, লজ্জা থাকলে নারায়ণগঞ্জের সাংসদ সেলিম ওসমান সংসদ অধিবেশনে যোগ দেবেন না।

রোববার (২২ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই শিক্ষককে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। এ জন্য সংসদ সদস্যের ক্ষমা চাওয়া উচিত। এ ধরনের ঘটনার মাধ্যমে সেলিম ওসমান সব সংসদ সদস্যকে অপমান করেছেন।’

নাসিম বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যে ধরনের প্রতিবাদ হয়েছে, তাদের এ প্রতিবাদের ভাষা বোঝা উচিত। আমি মনে করি তারা নৈতিকভাবে পরাজিত হয়েছেন। ওই সংসদ সদস্যের যদি লজ্জা থাকে তাহলে তিনি অধিবেশনে যোগ দেবেন না।’

সেলিম ওসমানের ব্যাপারে তিনি বলেন, ‘তিনি জাতীয় পার্টির সংসদ সদস্য। জাতীয় পার্টিরও দায়িত্ব রয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার।’

চিকিৎসাধীন শিক্ষককে হত্যার হুমকি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা মানবতার শত্রু। আমি শিক্ষকের নিরাপত্তার ব্যবস্থা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অবস্থান কঠোর।’

শ্যামল কান্তির শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘উনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে লাঞ্ছনার শিকার হওয়ায় শিক্ষক মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। উনি যত দিন চান এখানে চিকিৎসা নিতে পারেন।’

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।