English Version
আপডেট : ১৮ মে, ২০১৬ ২০:৩৩

বিএসপির জয়নুলসহ ২৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

অনলাইন ডেস্ক
বিএসপির জয়নুলসহ ২৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
রাজধানীর পল্টন  থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ মামলার প্রধান আসামি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের জামিন মঞ্জুর করেছেন আদালত। মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদ্ষ্টো আবদুল আউয়াল মিন্টু দুপুরে এসে তিনি আদালতে হাজির হয়ে জামিন নেন।  বুধবার (১৮ মে) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলাটির অভিযোগ আমলে গ্রহণ সংক্রান্ত শুনানির জন্য ধার্য তারিখ ছিল। বিচারক মো. কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগ আমলে নিয়ে আদালতে হাজির না থাকা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আসামিদের গ্রেফতার করা গেল কিনা এ বিষয়ে তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেন।  আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা জানান, মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ছাড়া আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুল, নির্বাহী সদস্য বেলাল আহমেদ, ছাত্রদলের সভাপতি রাজীব আহসানসহ ২৪ জন হাজির ছিলেন। তারা জামিন চাইলে তা মঞ্জুর করেন বিচারক। গত ৩ মার্চ এ মামলাটি বিচারের জন্য ঢাকার সিএমএম আদালত থেকে দায়রা জজ আদালতে পাঠানো হয়। এ মামলায় গত ১৪ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) বিবেকানন্দ দেবনাথ। চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ডা. জেডএম জাহিদ হোসেন, শিমুল বিশ্বাস, শামসুজ্জামান দুদু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম, মীর শরাফত আলী সপু, খায়রুল কবির খোকন, সুলতান সালাহ উদ্দিন টুকু, শফিউল বারী বাবু, সাইফুল ইসলাম নিরব, ইসহাক সরকার ও আনভির আদিল বাবু।