English Version
আপডেট : ১৮ মে, ২০১৬ ২০:০৫

শিক্ষক লাঞ্ছনার প্রসঙ্গে মুখ খুলবেন সেলিম ওসমান

অনলাইন ডেস্ক
শিক্ষক লাঞ্ছনার প্রসঙ্গে মুখ খুলবেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে ওঠ বসের ঘটনায় স্থানীয় এমপি সেলিম ওসমান এবার নিজেই সাংবাদিকদের সামনে আসছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ ক্লাবে তিনি সংবাদ সম্মেলন করবেন জানিয়ে মুঠোফোন, ইমেইল ও প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা দেওয়া হয়েছে। ওই সংবাদ সম্মেলনে সেলিম ওসমান তাঁর অবস্থান ব্যাখা করবেন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জের বন্দরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গত ১৩ মে শুক্রবার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে নিয়ে যে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে তা নিয়ে বিভিন্ন মহলে জিজ্ঞাসা তৈরি হয়েছে, বিভিন্ন বক্তব্য প্রদান করা হচ্ছে, কোথাও বা আমার বক্তব্য জানতে চাওয়া হচ্ছে। কিন্তু এই পর্যন্ত আমি কোন আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করিনি। তাই বিষয়টি নিয়ে নানা ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে ও হচ্ছে।

এই সমস্ত বিষয়গুলো নিয়ে- বিশেষ করে প্রকৃত ঘটনার প্রেক্ষাপট কি, কি ঘটেছিলো, আমার উদ্দেশ্য কি ছিলো এবং ঘটনার পরবর্তী প্রেক্ষাপটে আমার বক্তব্য সকলকে অবহিত করার জন্য এই ‘সংবাদ সম্মেলন’ এর আয়োজন করেছি।

এর আগে ঘটনার পর থেকে সেলিম ওসমান বিচ্ছিন্নভাবে বক্তব্য দিয়ে আসছিলেন। এর মধ্যে বুধবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে ৮টি জাতীয় ও ৩৫টি জেলাভিত্তিক সংগঠন সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা আড়াল করা হচ্ছে বলে অভিযোগ তোলেন।