প্রধানমন্ত্রী মুসলিম হয়েও মুসলিম বিদ্বেষী
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'আপনি মুসলিম হয়েও মুসলিম বিদ্বেষী।
বুধবার (১৮ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিগত আন্দোলনে 'আওয়ামী সন্ত্রাস ও বাকশালী পুলিশ কর্তৃক গুম, খুন, নিগ্রহের শিকার' পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানে জাতীয়বাদী হেল্প সেল নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তিনটি গুম ও একটি অসহায় পরিবারকে সহায়তা করে জাতীয়তাবাদী হেল্প সেল। এর আগে আরো ২২ পরিবারকে সহায়তা দিয়েছে এ সংগঠন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুর।
ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের বিষয়টি মিডিয়া প্রচার করলেও সাফাদির বক্তব্য প্রচার করছে না বলে অভিযোগ করেছেন রিজভী।
তিনি বলেন, 'কয়েকজন এমপি আছেন তারা এ দেশের কয়েকটি মিডিয়ার মালিক। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নিয়ন্ত্রিত মিডিয়াগুলো বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।' অভিযোগ করে তিনি বলেন, 'ডাণ্ডা আর বন্দুকই এ সরকারের ভরসা। বন্দুক জনগণের বিরুদ্ধে ব্যবহার করেই ক্ষমতায় টিকে আছে।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, 'আপনি মুসলিম হয়েও মুসলিম বিদ্বেষী। আপনি মুসলিম রাষ্ট্রগুলোর কাছে শত্রুতে পরিণত হয়েছেন। এসব ঘটনা আড়াল করতেই ইসরায়েলের মোসাদ নিয়ে আসলাম চৌধুরীর কল্পকাহিনী সাজানো হয়েছে।'
অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।


