English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৫:২০

অভ্যন্তরীণ কোন্দলে প্রান হারালো শ্রমিকনেতা

অনলাইন ডেস্ক
অভ্যন্তরীণ কোন্দলে প্রান হারালো শ্রমিকনেতা
বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল সরদার (৪৬) নিহত হয়েছেন। রোববার (১৫ মে) বিকেলে নয়াল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘাত হয়। আহত হন আরও সাত নেতাকর্মী। সংঘর্ষের পর আহত বাবুল সরদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পল্টন থানার ওসি মোর্শেদ আলম বলেন, বিকেলের ওই সংঘর্ষ বড় আকার ধারণ করার আগেই পুলিশ নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে আহত বাবুল সরদারের মৃত্যুর পর থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। জড়িতদের চিহ্নিত করে আটক চেষ্টাও অব্যাহত আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনা করে ঢাকা মহানগর শ্রমিক দল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মিলাদ মাহফিলের পর শ্রমিক দলের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল খান ও নিউ মার্কেট থানা ছাত্রদলের নেতা রাশেদের নেতৃত্বে ছাত্রদলের একটি গ্রুপও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত বাবুল সরদার ও  আবু কাউসার ভুইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।