English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১২:১৭

খালেদা জিয়ার সঙ্গে ইহুদিদের আঁতাত

অনলাইন ডেস্ক
খালেদা জিয়ার সঙ্গে ইহুদিদের আঁতাত

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন সরকার উৎখাতে খালেদা জিয়া এবার ইসলাম ও গণতন্ত্রের শত্রু ইহুদিদের সঙ্গে আঁতত করেছেন।

গতকাল শনিবার (১৪ মে) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়ায় জিকেপি প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাত্তরে রাজাকার, ৭৫ পরবর্তীতে জঙ্গিদের সঙ্গে সম্পর্ক গড়ে এখন আগুন সন্ত্রাসীদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি ইসলাম ও গণতন্ত্রের শত্রু ইহুদিদের সঙ্গে আঁতত করে অবৈধ পথে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন।’ 

‘সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে তার বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ইনু বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা শেখ হাসিনা সরকারের নেই।’ বরং, গত ৭ বছর ধরে বেগম খালেদা জিয়া জঙ্গি তাণ্ডব, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা ও দেশি-বিদেশি মহলের সঙ্গে চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রার পথ বন্ধ করে অবৈধ পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন। সুতরাং সরকার বেগম জিয়ার বিরুদ্ধে কোনো মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকার দেয়নি। ৯৩ দিনের আগুন যুদ্ধে মানুষ পোড়ানো, জঙ্গি নাশকতার ঘটনায় হাতেনাতে ধরা পড়াদের স্বীকারোক্তিতে এসব মামলা করা হচ্ছে। 

তথ্যমন্ত্রী আরো বলেন, ৭১এর গণহত্যার যুদ্ধাপরাধীদের যেভাবে রেহাই দেয়া হয়নি, মানুষ পোড়ানোর জন্যেও কাউকে রেহাই দেয়া হবে না। বাংলাদেশে যাতে আর কোনোদিন মানুষ পোড়ানো বা গুপ্ত হত্যার মাধ্যমে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য এসব ঘটনায় দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দিয়ে এগুলো স্তব্ধ করে দিতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রীর সহধর্মিনী জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত, ইউএনও) শান্তি মণি চাকমাসহ জাসদ নেতারা।