English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ১৬:২৩

উন্নয়ন আগে গণতন্ত্র পরে স্লোগান থেকে সরে এসেছে আওয়ামীলীগ

অনলাইন ডেস্ক
উন্নয়ন আগে গণতন্ত্র পরে স্লোগান থেকে সরে এসেছে আওয়ামীলীগ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নয়ন আগে গণতন্ত্র পরে-আওয়ামী লীগের নতুন এ স্লোগান জনগণ গ্রহণ করবে না জেনেই সেখানে থেকে তারা সরে এসেছে। কিন্তু আমার প্রশ্ন, সরকার কী উন্নয়ন করেছে?

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনী মিলনায়তনে এক প্রতিবাদ সভায় শনিবার (১৪ মে) দুপুরে তিনি এ মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন ও জোটনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)।

বিএনপির মহাসচিব দাবী করে বলেন সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে আপনাদের (ক্ষমতাসীনদের)। আপনারা কোটি কোটি নয়, শত শত কোটি টাকা লুট করে দেশের বাইরে পাঠিয়েছেন।

মহাসচিব আরও  বলেন, বাংলাদেশের সামনে বর্তমানে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সত্যিকার অর্থে সেটি একটি বড় রকমের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। তারা আসলে গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন কায়েম করতে চায়।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার-নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।’

খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু হয়রানি করতে নয়, রাজনীতি থেকে দূরে রাখতে সরকার খালেদা জিয়া নামে মিথ্যা মামলা দিচ্ছে।’

তিনি বলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। শুধু নেতাকর্মীরা নয়, গ্রাম পর্যায়েও মানুষ আজ মামলায় জর্জরিত। সত্যিকার অর্থে মানুষের স্বাধীনতা বলতে কিছু নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকারসমূহ ফিরে পেতে আন্দোলনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, চলমান সঙ্কট নিরসনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রয়োজন। সে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনকালীন নিরপেক্ষ নির্বাচন কমিশনও প্রয়োজন, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে বক্তব্য দেন -জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।