English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ১৯:০৪

যথাসময়ে জামায়াত নিষিদ্ধ হবে

অনলাইন ডেস্ক
যথাসময়ে জামায়াত নিষিদ্ধ হবে
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাসময়েই জামায়াতকে নিষিদ্ধ করা হবে। পাশাপাশি তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে মতিউর রহমান নিজামী সবচেয়ে বেশি সহায়তা করেছেন।
 
বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের হরতালবিরোধী প্রতিবাদী অবস্থানে কামরুল ইসলাম এসব কথা বলেন।
 
এসময়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, নিজামীর দণ্ড কার্যকরের পর পাকিস্তানের প্রতিক্রিয়া প্রমাণ করেছে তার ফাঁসি যৌক্তিক ছিল। কারণ পাকিস্তানই বলেছে, ১৯৭১ সালে মতিউর রহমান নিজামী পাকিস্তানের পক্ষ অবলম্বন করে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
 
নিজামীর রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তাই আমরা আশা করি পাকিস্তান ভবিষ্যতে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবে না।
 
এদিকে নিজামীর ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
 
সকাল নয়টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে সকাল ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
 
এ সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সানজিদা খাতুন এমপি প্রমুখ।