English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১৩:১৮

আন্তর্জাতিক গণমাধ্যমে নিজামীর ফাঁসির খবর

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক গণমাধ্যমে নিজামীর ফাঁসির খবর

একাত্তরের যুদ্ধাপরাধী আলবদর নেতা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের খবর বিশ্বের বিভিন্ন গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজামীর ফাঁসি কার্যকরের পর বিবিসি তাদের মূল শিরোনাম করে খবরটি।

প্রতিবেদনে তাকে বাংলাদেশের একজন ইসলামি নেতা বলে উল্লেখ করা হয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার মূল শিরোনামেও ছিলো নিজামীর ফাঁসির খবর। সেখানে বলা হয় যুদ্ধাপরাধের দায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডনের অনলাইন সংস্করণের মূল শিরোনামে উঠে আসে নিজামীর ফাঁসির খবর।

ডনের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামি দল জামায়াতের শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যদিও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।

এএফপির এ সংক্রান্ত প্রতিবেদনটির শিরোনাম করা হয়েছে, ‘যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে শীর্ষ ইসলামী নেতার মৃত্যুদণ্ড কার্যকর’।

ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, '১৯৭১ সালের যুদ্ধাপরাধের জামায়াত প্রধানের ফাঁসি দিয়েছে বাংলাদেশ।' এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার না চাওয়ার সিদ্ধান্ত জানানোর পর মঙ্গলবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে গণহত্যা, ধর্ষণ ও শীর্ষ বুদ্ধিজীবীদের গণহত্যার পরিকল্পার দায়ে নিজামীকে ফাঁসি দেওয়া হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, যুদ্ধাপরাধে ইসলামিক নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ।'

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, '১৯৭১ সালে গণহত্যা ও ধর্ষণের দায়ে বাংলাদেশ ইসলামিক নেতার ফাঁসির কার্যকর করেছে।'  এছাড়া নিজামীর ফাঁসি নিয়ে বিশ্বের অন্যান্য খ্যাতনামা সংবাদমাধ্যমগুলোও সংবাদ প্রকাশ করেছে।