English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১৯:০০

নিজামীর সঙ্গে দেখা করবে পরিবার

অনলাইন ডেস্ক
নিজামীর সঙ্গে দেখা করবে পরিবার
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে শেষ বারের মতো দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার পরিবার সদস্যরা যাচ্ছেন।
 
তাদের আইনজীবী জানিয়েছেন, বনানীর বাসা থেকে পরিবারের সদস্যরা কারাগারের দিকে রওনা দিয়েছেন। এর আগে কারাগার থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে সন্ধ্যার পর দেখা করার কথা জানান।

স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, বড় ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, বড় ছেলের স্ত্রী, দুই নাতি, ছোট মেয়ে মহসীনা, নিজামীর চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ ৮ জন নিকটাত্মীয় রয়েছেন বলে জানা গেছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ায় ফাঁসি কার্যকর হতে পারে যেকোনও সময়।

বৃহস্পতিবার (৫ মে) রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজের পর কাশিমপুর কারাগারে তার পরিবারের সঙ্গে সাক্ষাতেও নিজামী প্রাণভিক্ষা না চাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তার পরিবারের বরাত দিয়ে আইনজীবী তাজুল ইসলাম বলেন, তিনি (নিজামী) বলেছেন, জীবন-মৃত্যুর মালিক আল্লাহ। কারও কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন না।