English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ০০:১৪

নিজামীকে রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয়েছে

ষ্টাফ রিপোর্টার
নিজামীকে রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয়েছে
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে রিভিউ আবেদন খারিজ করে দেয়া পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়েছে।

সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে রায় পৌঁছার পর রাত ৯টার দিকে নিজামীকে রায় পড়ে শোনানো হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবীর সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, এ সময় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাণভিক্ষার বিষয়টি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জিজ্ঞাসা করা হবে।

এর আগে আজ বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এরপর বিকেল ৫টার কিছু পর আপিল বিভাগের একটি প্রতিনিধিদল রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছে দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে লাল কাপড়ে মোড়া রায়ের পূর্ণাঙ্গ কপি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে রওয়ানা হয়। পরে ৭টা পাঁচ মিনিটে জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবীর রায়ের কপি গ্রহণ করেন।

গত ৫ মে (বৃহস্পতিবার) আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।