English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ২৩:৫১

শেরপুরে অপরাজনীতি চালাচ্ছেন মতিয়া: হুইপ আতিক

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে অপরাজনীতি চালাচ্ছেন মতিয়া: হুইপ আতিক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর শাসন শেরপুরে অপরাজনীতি চালাচ্ছেন। তা বন্ধ না হলে দলের নেতা-কর্মীরা রাজপথে নামবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি।

সোমবার দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ইউপি নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই হুঁশিয়ারি উচ্চারণ করে হুইপ বলেন, শেরপুরে যদি কারও শাসন চলে, তবে সেটা শেখ হাসিনার নেতৃত্বেই চলবে। অন্যথায় দলের নেতা-কর্মীরা রাজপথে নামবে। হরতাল অবরোধের ডাক দেবে। আর মতিয়া চৌধুরীর চামচা বনে গিয়ে যারা নৌকার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দলের ত্যাগী-নিরীহ নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করছে। তারা আওয়ামী লীগে সদস্য থাকার অধিকার হারিয়েছে।

হুইপ আতিক ইউপি নির্বাচনে মতিয়া চৌধুরীর কঠোর সমালোচনা করে বলেন, মতিয়া চৌধুরী শান্ত শেরপুরকে অশান্ত করার অপরাজনীতি চালিয়ে যাচ্ছেন। তিনি ইশারায় প্রশাসনকে ব্যবহার করে নৌকার প্রার্থীদের পরাভূত করে আমার অবস্থানকে খাটো করার ষড়যন্ত্র করেছেন।

তিনি আরো বলেন, সরকারি প্রোগ্রাম দিয়ে এলাকার একটি হাইস্কুলের উন্নয়নমূলক কর্মকা- পরিদর্শনে গিয়ে যেখানে একটি চা পানের সময় পর্যন্ত ব্যয় করা হয়নি, সেই এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের নামে অপপ্রচার ও ধুম্রজাল সৃষ্টির মাধ্যমে নৌকার বিজয় ঠেকানো এবং আমাকে খাটো করার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু পানি কাটলে যেমন ভাগ হয় না, তেমনি শেরপুরের মাটি ও মানুষের কাছ থেকে আমাকে তারা বিচ্ছিন্ন করতে পারেনি। আমার অনুপস্থিতিতেও এলাকার মানুষ নৌকাকেই ভোট দিয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজিতখিলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমির আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাতশালা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।