English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৬:২৯

নিজামীর মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা খারিজ রায়

অনলাইন ডেস্ক
নিজামীর মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা খারিজ রায়

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে আপিল বিভাগের দেওয়া রায় প্রকাশ করেছে সুপ্রিমকোর্ট।

সোমবার (৯ মে) নিজামীর রিভিউ খারিজের রায়ে সই করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ চার বিচারপতি। এরপরে রিভিউ খারিজের রায় প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান, এই রায়ের সত্যায়িত অনুলিপি যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে থেকে যাবে কারা কর্তৃপক্ষের কাছে।

নিয়ম অনুযায়ী, নিজামীকে রায় পড়ে শোনাবে কারা কর্তৃপক্ষ। এরপর তিনি সর্বশেষ সুযোগ হিসেবে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। তবে নিজামী প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে যে কোনো সময় দণ্ড কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।

একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। ট্রাইব্যুনালের রায় বহাল রেখে চলতি বছরের ৬ জানুয়ারি রায় ঘোষণা করে আপিল বিভাগ। গত ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।