নিজামীর মৃত্যুদণ্ড বহাল
জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে তার মৃত্যুদণ্ডের রায় বহাল থাকলো।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ বেলা সাড়ে ১১টায় এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের বিষয় সুরাহার বিধান রয়েছে। আসামি যদি প্রাণভিক্ষার আবেদন করেনও এবং সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতি তা মঞ্জুর না করেন তাহলে দণ্ড কার্যকরে জেল কর্তৃপক্ষের সামনে আর কোনো বাঁধা থাকবে না।
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ২০১৪ সালের ২৯ অক্টোবর মাওলানা নিজামীকে মৃত্যুদণ্ড দেয়। মাওলানা নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত ১৬টি অভিযোগের মধ্যে ট্রাইব্যুনাল আটটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। এর মধ্যে চারটি অভিযোগের প্রতিটিতে মৃত্যুদণ্ড এবং অপর আরো চারটি অভিযোগের প্রত্যেকটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ওই বছর ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল আবেদন করেন মাওলানা নিজামী।
গত ৬ জানুয়ারী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মাওলানা নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন। আপিল বিভাগের রায়ে মৃত্যুদন্ডের তিনটি ও যাবজ্জীবন কারাদণ্ডের দুটি দণ্ডাদেশ বহাল রাখা হয়। এর আগে গত ২৯ মার্চ মাওলানা মতিউর রহমান নিজামী আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন দায়ের করেন। ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনে মোট ৪৬টি (গ্রাউন্ডে) যুক্তি দেখিয়ে মৃত্যুদণ্ড বাতিল করে খালাস প্রদান এবং অভিযোগ থেকে অব্যাহতির অব্যাহতির আরজি জানানো হয়।


