নিজামীর চূড়ান্ত রায় আজ
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর করা রিভিউ আবেদনের রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়।
বুধবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশিত আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় এক নম্বরে দেখা যায় নিজামীর রিভিউ আবেদনের রায় ঘোষণার বিষয়টি। যেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রায় ঘোষণার সময় নির্ধারণ করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেবেন। বেঞ্চের অন্য তিন বিচারপতি হলেন নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত ৩ মে রিভিউ আবেদনের শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৫ মে বৃহস্পতিবার দিন ধার্য করেন আপিল বিভাগ। এর আগে গত ৩ এপ্রিল নিজামীর রিভিউ আবেদন শুনানির জন্য ১ সপ্তাহের সময় দেন আপিল বিভাগ।
পরে ২৯ মার্চ ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করেন নিজামী। ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনে ফাঁসির দণ্ড থেকে খালাস পেতে ৪৬টি যুক্তি দেখানো হয়েছে।
নিয়ম অনুযায়ী রিভিউ নিষ্পত্তির আগে তার দণ্ড কার্যকর করা যাবে না। আর রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামির ফাঁসি কার্যকর করবে।
এর আগে গত ১৫ মার্চ নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়।
গত ৬ জানুয়ারি বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও উস্কানি দেওয়াসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে দোষী জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল আংশিক মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়।
মুক্তিযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


