English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১৯:৫০

সরকার বিএনপির নেতাদের হয়রানি করছে

অনলাইন ডেস্ক
সরকার বিএনপির নেতাদের হয়রানি করছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাজনৈতিক উদ্দেশে বিএনপি নেতাদের হয়রানি করছে।  
চিকিৎসা নিয়ে ব্যাংকক থেকে দেশে ফিরে বুধবার (৪ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুলের সঙ্গে দেশে ফিরেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। বিমানবন্দরে দলের শীর্ষ এই দুই নেতাকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলের নেতাকর্মীরা স্বাগত জানান। এ সময় খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় মানহানি মামলা এবং চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের তদন্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, 'যতটুকু মনে পড়ে, ওসমান ফারুক ওই সময় (একাত্তর সালে) বিদেশে ছিলেন।' গত ২৮ এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার উদ্দেশে ব্যাংকক যান। সেখানে ব্রামরুনগ্রাড হাসপাতালে চিকিৎসা নেন। এর আগে ২৮ জানুয়ারি সিঙ্গাপুর যান তিনি। গত বছরও তিনি দুই দফায় সিঙ্গাপুর গিয়েছিলেন। সে সময় চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর থেকে তিনি যুক্তরাষ্ট্রেও যান। এরপর ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে আবার সিঙ্গাপুরে যান। এবার বিদেশে থাকার মধ্যেই পল্টন থানার একটি নাশকতার মামলায় পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।