English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১৭:০৬

ফের ৫ দিনের রিমান্ডে মাহমুদুর

নিজস্ব প্রতিবেদক
 ফের ৫ দিনের রিমান্ডে মাহমুদুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টার মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে বুধবার (৪ মে) দুপুরে মাহমুদুর রহমানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে আরও ৭ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসপি হাসান আরাফাত।  শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুইয়ের আদালত। এর আগে ২৫ এপ্রিল ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৮ এপ্রিল মাহমুদুর রমমানকে প্রধানমন্ত্রীর ছেলে জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। আদালত শুনানির জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করেন। মামলার বিবরণে, ২০১১ সালের সেপ্টেম্বরের যেকোনো সময় জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। তারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্র হয়ে এ ষড়যন্ত্র করেন।
 
এ ঘটনায় ডিবির পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা করেন।
 
এছাড়াও বেশ কয়েকটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন মাহমুদুর রহমান। তিনি ছাড়াও একই মামলায় সাংবাদিক শফিক রেহমানকে ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি। তিনিও বর্তমানে কারাগারে আছেন।