English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ২০:২৭

খালেদা নোংরা খেলায় মেতে উঠেছেন

অনলাইন ডেস্ক
খালেদা নোংরা খেলায় মেতে উঠেছেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হতাশা থেকে সরকারি দলের শীর্ষ পর্যায়ের পরিবার নিয়ে কুৎসা রটনার মতো নোংরা খেলায় মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (৩ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনার বিষয়ে নোংরা কিন্তু সত্য অনেক বিষয় আমাদের জানা আছে। যদি এই নোংরা খেলা খেলেন, তবে সেই বিষয়গুলো আমরা জাতির সামনে তুলে ধরতে বাধ্য হব।’

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে খালেদা জিয়া নির্বাচনে অংশ না করার মাধ্যমে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার নেতাকর্মীরা প্রচণ্ড হতাশায়। এখন তিনি হরতাল ডেকে দেশের মানুষকে অবরুদ্ধ করে, শত শত মানুষকে পেট্রলবোমা মেরে হত্যা করেও ক্ষমতায় যাওয়া উগ্র বাসনাকে চরিতার্থ করতে না পেরে হতাশাগ্রস্ত।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন―আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুর সাত্তার, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।