English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ০৯:৪৫

নিজামীর রিভিউ শুনানি চলছে

ষ্টাফ রিপোর্টার
নিজামীর রিভিউ শুনানি চলছে

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি হচ্ছে। 

বেঞ্চের অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।   প্রসঙ্গত, গত ৩ এপ্রিল রিভিউ পিটিশন শুনানির জন্য কার্যতালিকায় আসে। কিন্তু আসামি পক্ষে ৬ সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এক সপ্তাহ সময় মঞ্জুর করে। সেই মোতাবেক গত ৭ এপ্রিল রিভিউ পিটিশন শুনানির জন্য আবার কার্যতালিকায় আসে। ওইদিনও আসামি পক্ষ সময় চেয়ে আবেদন দাখিল করেন। আপিল বিভাগ সময় মঞ্জুর করে ৩ মে শুনানির জন্য দিন ধার্য করে দেয়। সেই মোতাবেক আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় রিভিউ পিটিশন শুনানির জন্য অন্তর্ভূক্ত রয়েছে।   বুদ্ধিজীবী নিধনসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদন্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৫ মার্চ প্রকাশ পায়। রায় প্রকাশের পর গত ২৯ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ পিটিশন দাখিল করেন নিজামীর আইনজীবীরা।