জাতীয় পার্টিই যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছিল
সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশকে স্বনির্ভর করার আহ্বান জানিয়েছেন।
সোমবার বিকেলে কারওয়ান বাজারস্থ টি.সি.বি ভবন মিলনায়তনে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তর এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক ফজলুল হক ফজলুর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজাউল ইসলাম ভূঁইয়া। রওশন এরশাদ বলেন, দেশের শিক্ষিত যুবকদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক আগেই এশিয়ার অন্যতম স্বনির্ভর দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করতো। জাতীয় পার্টি সরকার বাংলাদেশে বিভিন্ন মিল-কারখানার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল। কিন্তু বর্তমানে দেশে শিক্ষিত যুবক বেকার অবস্থায় রয়েছে। তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে। সম্মেলনে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে ফজলুল হক ফজলুর নাম ঘোষণা করা হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস.এম ফয়সল চিশ্তী, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক শফিউল্লা শফি, মনোয়ার আলম ও স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোবারক হোসেন আজাদ, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।


