English Version
আপডেট : ২ মে, ২০১৬ ০৩:১১

আমি তত ধনী নই, খালেদা একজন মিথ্যাবাদী এবং চোর: জয়

অনলাইন ডেস্ক
আমি তত ধনী নই, খালেদা একজন মিথ্যাবাদী এবং চোর: জয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মন্তব্যের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, আমি তত ধনী নই। 

শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে খালেদা জিয়া বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পুত্রের (সজীব ওয়াজেদ জয়) একটি অ্যাকাউন্টেই আড়াই হাজার কোটি টাকা জমা আছে। এই টাকা কোথা থেকে গেছে? এই টাকার উৎস কী? বাংলাদেশের মানুষ তা জানতে চায়।’

খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে রোববার জয় তার ফেসবুক পেজে লিখেন, ‘একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর দৌহিত্রের দিকে কাঁদা ছোড়া উচিত নয়। ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।’

তিনি আরো লিখেন, ‘আপনার পোষা ভৃত্য মাহমুদুর রহমান এবং শফিক রেহমান এফবিআই এর গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছে, কিন্তু সেই টাকা খুঁজে পায়নি। ১/১১ এর সামরিক শাসকেরা যারা আমার মাকে আটক করেছিলো তারাও সেটি খুঁজে পায়নি। এমনকি এফবিআই সেটি পায়নি। এটা এজন্য যে, আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোন সম্পদ কোনদিন অর্জন করিনি। আমি তত ধনী নই।’ ফেসবুক পোস্টে খালেদা জিয়াকে একজন মিথ্যাবাদী এবং চোরও বলেও মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।