English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ১৯:১৯

‘দেশে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের চক্রান্ত চলছে’

ষ্টাফ রিপোর্টার
‘দেশে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের চক্রান্ত চলছে’

 

দেশে গুপ্তহত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, শেখ হাসিনার সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করার জন্যই ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলীয় জোটের এক সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

নাসিম বলেন, দেশের পরিস্থিতি যখন স্থিতিশীল হচ্ছে। বাংলাদেশ যখন জাতীয়-আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল চক্রান্ত শুরু করেছে। ধারাবাহিকভাবে একই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। যার উদ্দেশ্য শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করা। এই সরকারকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চাপে ফেলা।

নাসিম আরো বলেন, যারা নৈরাজ্য করতে ব্যর্থ হয়েছে, তারাই এসব গুপ্তহত্যার মাধ্যমে একাত্তরের ঘাতকদের বিচার বন্ধ করতে চায়। জাতীয়-আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করেও এ বিচার বন্ধ করা যায়নি। এই বিচার হচ্ছে, হবে। অতীতে যেমন ১৪ দল সকল চক্রান্ত মোকাবিলা করেছে। আজকেও বিএনপি-জামায়াত জোটের যেকোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়েই মোকাবিলা করবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। আমাদের নির্বাচিত সরকারকে সহযোগিতা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই এ ধরনের ঘটনা মোকাবিলা করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ১৪ দল ও আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ এমপি, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুর নাহার লাইলী, ফজিলতুননেসা ইন্দিরা, অ্যাডভোকেট আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস এমপি, সুজিত রায় নন্দি; সাম্যবাদী দলের দিলীপ বড়–য়া, এস.এ. গনি, জাতীয় সমাজতন্ত্রাকি দল জাসদের শিরিন আক্তার, হাবিবুর রহমান, নাদের চৌধুরী, শরীফ নূরুল আম্বিয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণআজাদী লীগের এ্যাডভোকেট এস.কে সিকদার, কাজী আলিউল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নাজমুল হক প্রধান, মোঃ মোহসীন, ন্যাপের শফিক আহমেদ খান, জাতীয় পার্টি জেপির এ.এইচ,সালাউদ্দিন মাহমুদ, এজাজ আহাম্মদ মুক্তা, ন্যাপের ইসমাইল হোসেন, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, ডা. শাহাদাত হোসেন, অ্যধাপক ডা. শহীদুল্লাহ সিকদার, নূরুর রহমান সেলিম, জাতীয় পার্টি জেপির আবুল খায়ের সিদ্দিকী আবু, এম. সালাহউদ্দিন আহমেদ, সাম্যবাদী দলের বীরেন সাহা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার, ন্যাপের এম. নজরুল মজিদ বেলাল, গণতন্ত্রী পার্টির শহীদুল ইসলাম বাবলু, মজদুর পার্টির মোঃ জাকির হোসেন প্রমুখ।  

সভায় দেশব্যাপী হত্যাকাণ্ড খুনের প্রতিবাদে ৮ মে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও ১৮ মে রাজশাহী মহানগর ১৪ দলীয় জোটের উদ্যোগে সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়।