English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ১৮:৫১

মাহমুদুর রহমানের ৫ দিনের রিমান্ড শুরু আজ

ষ্টাফ রিপোর্টার
মাহমুদুর রহমানের ৫ দিনের রিমান্ড শুরু আজ
ফাইল ফটো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার দুপুরে ৫ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।   আজ বেলা ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল মাহমুদুর রহমানকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসে।   এরআগে ১৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত মাহমুদুর রহমানকে প্রধানমন্ত্রীর ছেলে জয়কে অপহরণ ও হত্যার চক্রান্তে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।   ২৫ এপ্রিল ঢাকা মহানগর হাকিম গোলাম নবী শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।৭ কার্যদিবসের মধ্যে তাকে ৫ দিনের জন্য রিমান্ডে নেয়ার এবং হাইকোর্টের নির্দেশনা মেনে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।   শুনানিকালে মাহমুদুর রহমানের আইনজীবীরা বলেন, এই মামলার অভিযোগের সাথে কোনোভাবে মাহমুদুর রহমানের সম্পৃক্ততা নেই। প্রায় ৮৫টি মামলায় জড়িয়ে ২০১৩ সালের এপ্রিল থেকে কারাগারে আছেন মাহমুদুর রহমান।   এর আগে জয় অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় বিশিষ্ট সাংবাদিককে শফিক রেহমানকে দুই দফায় ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।