English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ১০:০১

আমাকে সাজা দেয়ার কোন সুযোগ নেই: নিজামী

অনলাইন ডেস্ক
আমাকে সাজা দেয়ার কোন সুযোগ নেই: নিজামী
জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী

জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী তার আইনজীবীদের বলেছেন, যে সব সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। সাক্ষীগণ স্বীকার করেছেন ১৯৮৬ সালের পূর্বে ঐ এলাকায় তারা আমাকে দেখেননি। সাক্ষীদের প্রদত্ত সাক্ষ্য বিবেচনায় নিলে এই মামলায় আমাকে সাজা দেয়ার কোন সুযোগ নেই।

বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করেছেন আইনজীবী মতিউর রহমান আকন্দ, মশিউল আলম ও নাজিব মোমেন। সাক্ষাতে আলোচনার বিষয়টি সংবাদমাধ্যমকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী উল্লেখ করে, আন্তর্জাতিক অপরাধ আদালতে মৃত্যুদ- প্রদান করে প্রদত্ত রায়ের বিরুদ্ধে দায়ের করা আপীল খারিজ হয়ে যাওয়ার পর মতিউর রহমান নিজামীর নির্দেশে সুপ্রিমকোর্টে রিভিউ আবেদন দায়ের করা হয়েছে। আগামী ৩ মে রিভিউ আবেদনের শুনানীর দিন ধার্য্য রয়েছে।

এ বিষয়ে দিক নির্দেশনা নেওয়ার জন্য আইনজীবীরা আজ মাওলানা নিজামীর সঙ্গে সাক্ষাত করেছেন। রায়ের ত্রুটিপূর্ণ দিক তুলে ধরে আইনীভাবে মোকাবেলার জন্য আইনজীবীদেরকে নির্দেশ দিয়েছেন মাওলানা নিজামী বলে উল্লেখ করা হয়।

সাক্ষাতকালে তিনি আইনজীবীদেরকে বলেছেন, ব্যক্তিগতভাবে, আমার রাজনৈতিক জীবনে আমি কখনো আমার জানামতে কোন মানুষকে মনোকষ্ট দিয়েছি এমন কোন নজির নেই। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আমাকে হত্যার ষড়যন্ত্র করছে।

মাওলানা নিজামী আইনজীবীদের মাধ্যমে দেশবাসীকে সালাম জানান ও তার জন্য দোয়া করতে বলেছেন এ সময়ে বলে উল্লেখ করে দলটি।