English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ০২:২৪

‘মানুষের নিরাপত্তা এখন লাশবাহী গাড়ীতে’ :বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
‘মানুষের নিরাপত্তা এখন লাশবাহী গাড়ীতে’ :বেগম খালেদা জিয়া

বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মানুষের নিরাপত্তা, অধিকার এবং গণতন্ত্র এখন লাশবাহী গাড়ীতে। রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে মার্কিন রাষ্ট্রদুতের সাবেক প্রটোকল কর্মকতা জুলহাস মান্নান এবং তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে হত্যার নিন্দা জানিয়ে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে তিনি কাশিমপুর কারাগারের সামনে সাবেক কারারক্ষী রুস্তম আলীকে গুলি করে হত্যার ঘটনারও নিন্দা এবং প্রতিবাদ জানান খালেদা জিয়া বলেন, ‘ মানুষের নিরাপত্তা, অধিকার, ভোটাধিকার, নির্বাচন, গণতন্ত্র, শান্তি, স্বস্তি, নিরাপত্তা এখন লাশবাহী গাড়ীতে। বর্তমান ভোটারবিহীন সরকার সহিংস রক্তপাত ঘটানো ছাড়া তাদের টিকে থাকার অন্যকোন পথ খোলা নেই। দেশ পরিচালনায় যেহেতু জনগণের সমর্থন নেই সেহেতু খুন-জখম টিকিয়ে রাখাকেই তারা পরিত্রাণের পথ মনে করছে। তিনি বলেন, দেশে যে কোনো হত্যাকাণ্ডকে নিজেদের স্বার্থে অতি অবিশ্বাস্য কল্পকাহিনী রচনা করা আওয়ামী লীগের স্বভাবধর্ম। কিছুদিন ধরে দেশব্যাপী বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও বিদেশি হত্যার ঘটনাগুলোতেও তারা একের পর অপপ্রচার চালিয়েছে। বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে। ভোটারবিহীন সরকারের এই সমস্ত অপকৌশল মূলতঃ প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেয়া ও আসল অপরাধীদের আড়াল করা। বিএনপি চেয়ারপারসন বলেন, সরকার প্রধান যতই উচ্চস্বরে বক্তব্য দিয়ে বিভ্রান্তি তৈরি করুন না কেন তাভেল্লা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলহাস মান্নান ও মাহবুব রাব্বি তনয় এবং রুস্তম আলী পর্যন্ত প্রতিটি হত্যাকাণ্ডের দায় এই সরকারকেই নিতে হবে। সরকার যতই উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা করুন না কেন, জাতীয় অর্থনীতির হরিলুট, রাজকোষ চুরির ঘটনা এড়াতে তিনি যতই অপকৌশল করুন না কেন জনগণের দৃষ্টিকে ঝাপসা করতে পারবেন না। তাঁর অপকৌশল বাস্তবায়ন করতে তিনি যতই দূষিত পরিকল্পনা করুন না কেন ভোটারবিহীন সরকারকেই এরজন্য জনগণের নিকট একদিন জবাবদিহি করতেই হবে।