English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৮:০২

জুলহাজ-তনয়-রুস্তম হত্যাকাণ্ডে খালেদার নিন্দা

অনলাইন ডেস্ক
জুলহাজ-তনয়-রুস্তম হত্যাকাণ্ডে খালেদার  নিন্দা
রাজধানীর কলাবাগানে মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকতা ও বর্তমানে ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান, তার বন্ধু সাংবাদিক মাহবুব রাব্বী তনয় ও কাশিমপুর কারাগারের সাবেক কারারক্ষী রুস্তম আলীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
মঙ্গলবার (২৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
 
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, 'দেশের সার্বিক পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন আরও বিপজ্জনক। দেশের মানুষ এক ভয়াল নৈঃশব্দের মধ্যে আতঙ্কে দিনযাপন করছে। ব্যাংকার, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র, নারী, শিশুসহ অনেককেই রাষ্ট্রযন্ত্রের যথেচ্ছ ব্যবহারের কারণে জীবন দিতে হয়েছে।
 
সরকার সর্বক্ষেত্রে একচেটিয়াত্ব প্রতিষ্ঠিত করতে গিয়ে গণতন্ত্রের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ভারসাম্যকেও চরমভাবে ভেঙ্গে ফেলেছে।' বিদেশি হত্যা থেকে শুরু করে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বি তনয় এবং রুস্তম আলীর হত্যার দায় এই সরকারকেই নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন খালেদা জিয়া। বিবৃতিতে তিনি জুলহাজ মান্নান, মাহবুব রাব্বী তনয় এবং রুস্তম আলীর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তিন কাণ্ডে নিন্দা জানিয়ে হত্যাকারীদের গ্রেফতারে দাবি জানিয়েছেন।