English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ২০:২০

ইমরানকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক
ইমরানকে হত্যার হুমকি
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তার মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়েছে। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন ইমরান এইচ সরকার।  ফেসবুকে তিনি লেখেন, 'আজ সন্ধ্যা ৭.১২ টায় 'ইউনাইটেড কিংডম' এর কোড সম্বলিত একটি নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বলা হয়েছে আমাকে খুব শীঘ্রই হত্যা করা হবে।' ইমরান লেখেন, 'আমি জানতে চাইলাম কে বলছেন, কোথা থেকে বলছেন কোন উত্তর দেয়া হয়নি। বারবার শুধু বলা হলো হত্যা করা হবে। কোথায়, কিভাবে খুন করবেন জানতে চাইলে কল কেটে দিয়েছে।' স্ট্যাটাসে ইমরান বলেন, 'আমি জানি এটা জানানো কিংবা না জানানোতে তেমন কিছু আসে যায় না। তারপরও মনে হলো সবাইকে জানিয়ে রাখা দরকার। আর হুমকি-ধামকি দিয়ে আমাকে থামানো যাবে ভাবাটাও অবান্তর।' তিনি লেখেন, 'যে দেশে খুন-ধর্ষণেরই বিচার হয়না সেদেশে হুমকি তেমন বড় কোনো ঘটনা না। তাছাড়া কয়েকদিন আগে কিছু পথভ্রষ্ট রাজনীতিক তো আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছিল, তার কি বিচার হয়েছে?' গণজাগরণ মঞ্চের মুখপাত্র  ফেসবুকে বলেন, 'প্রকাশ্যে হত্যার হুমকির পর আমার এক পুরনো বন্ধু জানতে চেয়েছিল, হত্যার ষড়যন্ত্রের বিচার হলে প্রকাশ্যে হুমকির বিচার হবে কিনা? আমি উত্তর দিয়েছি, আমি কৃষকের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান হলে নিশ্চয়ই হতো।'