সেক্যুলার শিক্ষানীতি বাস্তাবয়ন প্রতিহত করার ঘোষণা হেফাজতের
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে নবী রাসুল (সা:) ও সাহাবীদের আলোচনা সরিয়ে দিয়ে রচিত শিক্ষা আইন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।
আজ শুক্রবার (২২ এপ্রিল) জুমার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে আবার উত্তর গেটে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
এরআগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আহবায়ক আল্লামা নূর হোছাইন কাসেমী বক্তব্য রাখেন।
কাসেমী তার বক্তব্যে বলেন, জাতীয় পাঠ্যপুস্তক ও সিলেবাস থেকে ইসলাম ও মুসলিম ভাবধারা বিলুপ্ত করে সেক্যুলার শিক্ষানীতির আলোকে শিক্ষা আইন প্রনয়ণের মাধ্যমে ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত এদেশের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা- সংস্কৃতিতে সংখ্যাগরিষ্ঠ জনগণ তথা মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, ধর্মীয় বিশ্বাসের বিপরীতে হিন্দুত্ববাদের পাঠ্যসূচি অনুসরণে বাধ্য করা হচ্ছে। যেকোনো মূল্যে এ চক্রান্ত প্রতিহত করতে আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ৯২ ভাগ মুসলমানের এদেশে পাঠ্যসূচি ও খসড়া শিক্ষা আইন সমাঞ্জস্যপূর্ণ নয়। প্রণীত সিলেবাস হিন্দুত্ববাদের সিলেবাস। এটা বাতিল করতে হবে। এদেশে ইসলামী জনতা রক্ত দিয়ে হলেও তাদের দাবি আদায় করে ছাড়বে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুগ্ম-আহবায়ক মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, ড. আহমদ আব্দুল কাদের, অধ্যাপক মাওলানা আব্দুল করীম খান, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম-সদস্য সচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফয়সাল আহমদ, মুফতী ফখরুল ইসলাম, মুফতী শরীফুল্লাহ প্রমুখ।


