English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১০:২৭

ঢাবিতে সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগ

অনলাইন ডেস্ক
ঢাবিতে সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগ
তপন কান্তির কান থেকে রক্ত ঝরছে

‘তদবিরের’ নিউজ না ছাপানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তপন কান্তি রায় নামে এক সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগ নেতা। আহত তপন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ঢাবি প্রতিনিধি বলে জানা গেছে।

তপন কান্তি রায়কে মারধরের ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পিয়াল হাসান জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার দুপুরের পরে মধুর ক্যান্টিনের সামনে তাকে মারধর করে রক্তাক্ত করা হয়। তবে এ ব্যাপারে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তপর কান্তি রায় তার ফেসবুকে ছবিসহ একটি পোস্ট করেন। যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো: ‘‘কারো ব্যক্তিগত চামচামির নিউজ না করা কি কোন বেয়াদবি হয়???? একজন সাংবাদিক হিসেবে কারো ব্যক্তিগত নিউজ না করাটা কি অপরাধ??? আজ সেই চরম বেয়াদবির শাস্তি পেলাম!!! এর প্রাপ্ত শাস্তি স্বরুপ কি মধুর ক্যান্টিনের সামনে মারধর করা???”

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পিয়াল হাসান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের অনুসারী বলে জানা গেছে।

ছাত্রলীগের পদে থাকলে সাংবাদিক সমিতিতে থাকা যাবে কিনা এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে মতানৈক্য হয়। বহিষ্কার-পাল্টা বহিষ্কারের ঘটনাও ঘটেছে। যার রেষ ধরেই এ ঘটনা ঘটেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংবাদিক জানান।