English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৯:৩৮

‘ইসি’র অযোগ্যতা ও অদক্ষতা চরম পর্যায়ে পৌঁছেছে’

অনলাইন ডেস্ক
‘ইসি’র অযোগ্যতা ও অদক্ষতা চরম পর্যায়ে পৌঁছেছে’

সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) বড় বাধা বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

আজ মঙ্গলবার (১৯এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘স্থানীয় সরকার ব্যবস্থা পুরোপুরি কলুষিত হয়ে গেছে। নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তাদের অযোগ্যতা ও অদক্ষতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এখন আমরা চাইলেই তারা ভালো হয়ে যাবে না। এটা প্রমান হয়ে গেছে যে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’’

ড. বদিউল আলম মজুমদার  আরো বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে এ দাবিতে নির্বাচন কমিশন যতই আত্মতৃপ্তির ঢেকুর তুলুক না কেন তারা নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা চাইলেও আর সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। কারণ পুরো পরিস্থির উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। জনগণও তাদের প্রতি আস্থা বিশ্বাস হারিয়েছে।

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও অনিয়মের তথ্য তুলে ধরে সুজনের প্রধান সমন্বয়ক দীলিপ সরকার বলেন, এই ধাপে নির্বাচনের দিন নিহত হয়েছে ৯ জন এবং আহত হয়েছে কয়েকশ।

তিনি জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে সহিংসতায় এখন পর্যন্ত সারাদেশে ৫৬ জন নিহত ও পাঁচ হাজারের মত লোক আহত হয়েছে।

এক প্রশ্নের জবাবে দীলিপ সরকার বলেন, শুধু নির্বাচন কমিশনই নয় ক্ষমতাসীন দলও নির্বাচনে ইতিবাচক ভুমিকা পালন করনেনি। নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক মনোনয় বাণিজ্যের প্রমান পাওয়া গেছে।